নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গত বৃহস্পতিবার ৩ এপ্রিল একটি গোষ্ঠী সন্ত্রাসী ও গডফাদার শামীম ওসমানের নির্দেশে জিয়া হলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেছে। এ ঘটনার পর আমরা সেদিন ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলাম সরকার যদি এর ব্যাবস্থা না নেয় তাহলে আমরা রাজনৈতিক কর্মসূচি দিবো। গতকাল আমাদের আল্টিমেটামের সময় শেষ হয়েছে। গতকাল ডিসি সাহেব ছিলেন না, আজকে তিনি সময় দিয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে আলোচনা শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা প্রস্তার দিয়েছি জিয়াউর রহমানের ম্যুরালটা যথাযথ স্থানে প্রতিস্থাপন করার। জিয়া হলটা যদি ভেঙেও ফেলা হয় সরকারি সিদ্ধান্তে সেক্ষেত্রে যেন জিয়াউর রহমানের নাম পরিবর্তন করা না হয়। সন্ত্রাসী গডফাদাররা যেন এখানে হস্তক্ষেপ করতে না পারে। জিয়া হলটা যেন জিয়াউর রহমানের নামেই থাকে।
যেহেতু এটা পবিত্র রমজান মাস। সংযমের মাস। জনগণের ভোগান্তির কথা ভেবে আমরা কোন কর্মসূচি দেইনি। ঈদের আর একদিন বাকি। জনগণের চলাচলে বিঘ্ন ঘটুক বা আইনশৃঙ্খলার অবনতি হোক এটা আমরা চাই না।
তিনি আরো বলেন, ঈদের পর আমরা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে রাজনৈতিক কর্মসূচি দিবো।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ