মির্জা ফখরুল বুধবার (৩ এপ্রিল) বিকেলে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত এবং পরিবার-পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি বেশি দিন টিকতে পারেনি। হিটলার ও নমরুদ ধ্বংস হয়ে গেছে।
মানুষের পক্ষে না থাকলে বা তাদের কল্যাণে কাজ না করলে কখনোই টিকে থাকা যায় না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রশাসন আপনাদের নির্যাতন করছে, আপনারা এখনো বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। তার পরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় বিজয়। কখনো পরাজিত মনোভাব নেবেন না।’ তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশকে দলীয় রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। যেখানে নিজেরাই অংশগ্রহণ করেছে, বিরোধী দলের কেউ অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ অতীতেও যখন ক্ষমতায় ছিল তখন একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। এখনো একই কায়দায় একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বর্তমানে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অধিকার প্রতিষ্ঠা করাই এখন বড় বিষয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ছাত্রদল সভাপতি মো. কায়েসসহ বিএনপির জেলা-উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।