নারায়ণগঞ্জে আসন্ন রমজান মাসজুড়ে জেলা ও মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ে তথা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ইফতার মহফিলের নির্দেশ দিয়েছেন দলটির হাইকমান্ড। শনিবার (২ মার্চ) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর ইউনিটের নেতাদের সাথে বৈঠকে এ নির্দেশ দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সেখানে উপস্থিত নেতারা ২৮ অক্টোবর পরবর্তী সময়ে দলের বিভিন্ন বিষয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে জেলা ও মহানগরগুলোর পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিন আগে জমা দেয়া হলেও সেটি কেন হয়নি তা নিয়েও কথা হয়। তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে টানা অনেকদিনের দূরত্ব গুছিয়ে নিয়ে আবারো কাছে তাদের টেনে নিতে নানা উদ্যোগের কথা উঠে। পরে সেখানে উপস্থিত নেতাদের নির্দেশ দেয়া হয় রমজান মাসজুড়ে ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে তৃণমূলের সকল পর্যায়ে নিয়মিত ইফতার মহফিল করার। নেতারা এতে সম্মতি প্রকাশ করেছেন। বৈঠকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিভাগীয় অন্যান্য জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, দীর্ঘদিন পর সশরীরে দলের নেতাদের সাথে বৈঠক হয়েছে। সেখানে ঢাকা বিভাগীয় জেলা ও মহানগরগুলোর নেতারা নিজেদের মধ্যাকার কুশল বিনিময় থেকে শুরু করে নানা আলাপ আলোচনা করেছি। সামনের দিনগুলোতে কিভাবে বিগত দিনের ভুলগুলো কাটিয়ে উঠা যায় তা নিয়ে আলোচনা করেছে। বিগত দিনের নানা সমস্যা তুলে ধরা হয়েছে। সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমি এখন আমার আহবায়ক সেখানে উপস্থিত ছিলাম। ইফতার মহফিলসহ নানা বিষয়ে দিক নির্দেশনা পেয়েছি ও আলোচনা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ