আজ রবিবার এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে তুলে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর রাষ্ট্রীয় ছত্রচ্ছায়ায় এখনো বিরোধী দল নিধনে নানা বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই আনিসুর রহমান খন্দকার অনিককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’ দেশকে বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী শাসনব্যবস্থা কায়েম করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সে জন্য বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। অনিককে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছে। অনিক নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমি অবিলম্বে আনিসুর রহমান খন্দকার অনিককে জনসমক্ষে হাজির করার আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই আনিসুর রহমান খন্দকার অনিককে ফেরত দিতে হবে।










































































































