পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। কিন্তু বহু আগে জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। তারা বিদেশিদের কাছে ধর্না দিয়েছিল, কোনো লাভ হয় নাই। জনগণ তাদেরকে কালো পতাকা দেখিয়েছে, আর বিদেশিরা লাল পতাকা দেখিয়ে দিয়েছে।
আজ রোববার সন্ধ্যায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের সঙ্গে ট্রেন স্টেশনে দেখা হয়, এয়ারপোর্টে দেখা হয়, বলি ভাই কি ঘটনা। বলেন উনি সব শেষ করেছেন। উনি কে, উনি হচ্ছেন তারেক রহমান। কারণ আজকে বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন এই তারেক রহমান। তারা জনগণের জন্য রাজনীতি করে না। এই আমরা যখন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছি, শীতবস্ত্র বিতরণ করছি, বিএনপির কাউকে খুঁজে পাওয়া যায় না। বিএনপিকে কখন খুঁজে পাওয়া যায়, যখন পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি, তাদেরওতো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন রওশন এরশাদ আর জি এম কাদের এই দুইটা নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামী লীগ জনগণের কাছে আছে। শুধু আওয়ামী লীগ মানুষের কাছে আছে। আজকে শীতবস্ত্র বিতরণ বলুন, কিংবা মানুষের কাছে অন্যান্য সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া বলুন, সেটি একমাত্র আওয়ামী লীগই করছে’।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ