বন্দরে মসজিদে নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় মোহাম্মদ আনিস (৬০) নামে এক মুসল্লিকে কুপিয়ে হাতের আঙ্গুলের রগ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১৬ই মার্চ রাত ৮ ঘটিকার সময় বন্দর উপজেলার রুস্তমপুর জামে মসজিদের সামনে এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে। এই বিষয়ে থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা যায়, রুস্তমপুর জামে মসজিদের সামনে মন্টু মিয়ার একটি চায়ের দোকান রয়েছে। সেখানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা মাদক সেবন করে এসে চা পান করে এবং জোরে জোরে কথাবার্তা ও হৈচৈ করে। এতে নামাজ পড়তে আসা মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটে৷ এ প্রসঙ্গে নামাজ পড়তে আসা মুসল্লি আনিস মিয়া ও অন্যান্যরা গিয়ে নামাজের সময় চায়ের দোকান বন্ধ রাখার জন্য বললে বিবাদী চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবনকারী আরিফ, জাহাঙ্গীর, মঞ্জিল,কাউসার, সাইফুল, বুলবুল, আশাবুদ্দিন ও মন্টু মিয়া আনিস মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পরে আনিস মিয়া উল্লেখিত সন্ত্রাসীদের গালিগালাজ করতে নিষেধ করিলে সন্ত্রাসী বুলবুলের হুকুমে চিহ্নিত মাদক ব্যাবসায়ী আরিফ আনিস মিয়াকে হত্যার উদ্দেশ্য চাপাতি দিয়ে মাথায় কোপ মারলে উক্ত কোপ আনিস মিয়া হাত দিয়ে ফিরাইলে আনিস মিয়ার ডান হাতের আঙুল রক্তাক্ত কাটা জখম হয়। এ বিষয়ে গুরুতর আহত আনিস মিয়া বাদী হয়ে উল্লেখিত বিবাদীদের আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বন্দর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।