কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মাংস উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি। এই ভবনের একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আনার আজীমকে হত্যা করা হয়েছে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।
তবে উদ্ধার হওয়া মাংস ফরেনসিক টেস্ট ছাড়া কার তা বলা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, ফরেনসিক টেস্ট ছাড়া এটা বলা যাবে না যে উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় এ তথ্য জানান ডিবিপ্রধান।
এর আগে ভারতে বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে ওই ফ্ল্যাটে বাথরুমে ফ্ল্যাশের মাধ্যমে আনারের মরদেহের খণ্ডাংশ ফেলানোর তথ্য পাওয়া যায়। এরপর ভারতে এসে তারা ওই ফ্ল্যাটটি পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘ভারতে এসে আমরা ভারতীয় পুলিশকে পরামর্শ দিই বাথরুমের পাইপ ভেঙে ট্যাংক দেখতে। এরপর তারা জানিয়েছে, পাইপ থেকে কিছু মরদেহের খণ্ডাংশ পাওয়া গেছে। তবে সেটি এমপি আনারের মরদেহের খণ্ডাংশ কি না, তা নিশ্চিত করেননি তিনি।’ মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়। ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক ভাঙা হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।