পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এমপি আনোয়ারুল আজিমের হত্যাকান্ড অত্যন্ত মর্মান্তিক, দু:খজনক ও অনভিপ্রেত।
কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, ‘কলকাতার যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে লাশ পায়নি। তবে হত্যাকান্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।’
বুধবার দুপুরে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকরা ভারতের পশ্চিমবঙ্গ সফরকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু বিষয়ে প্রশ্ন করলে জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি এবং মিশন থেকেও কলকাতা পুলিশের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন, তাই এর বেশি কিছু বলা সমীচীন নয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে যোগাযোগ রাখছে।
সাংবাদিকরা এ সময় ‘সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেয়া মার্কিন নিষেধাজ্ঞাকে মির্জা ফখরুল রাজনৈতিক বলে মন্তব্য করেছেন’ -এ সম্পর্কিত প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রের যে অ্যাক্টে যেভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেখানে ব্যক্তিগত দায়ের কথাই বলা হয়েছে, ইনস্টিটিউশনাল বিষয় নয়।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ