শিগগির আসছে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি। এই পদোন্নতি কাঙ্ক্ষিত হলেও তা নিয়ে কর্মকর্তাদের তদবির ও দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দীর্ঘদিনের পদোন্নতি জট ও শূন্য পদের চেয়ে পদোন্নতির জন্য অপেক্ষমাণ যোগ্য কর্মকর্তা বেশি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে সূত্র জানায়, বিসিএস পুলিশ ক্যাডারের অন্তত চারটি ব্যাচের অতিরিক্ত ডিআইজি পদের কর্মকর্তারা ডিআইজি পদে পদোন্নতি পেতে জোর তদবির শুরু করেছেন। এ অবস্থায় সরকারি কর্মকর্তাদের পদোন্নতি দিতে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিকবার বৈঠক ডেকেও তা হয়নি। সর্বশেষ গত রোববার এই পদোন্নতির বৈঠক হলেও তা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। শিগগির পদোন্নতি কমিটির এ বৈঠক হতে পারে।
দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ডিআইজি পদে যোগ্য কর্মকর্তাদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ২০ ব্যাচে এখনো ৬০ কর্মকর্তা রয়েছেন। ২১ ব্যাচের ৩৭ কর্মকর্তা এবং ২২ ব্যাচের ৩০ কর্মকর্তাও রয়েছেন পদোন্নতির যোগ্য। এ ছাড়া গত বছর ২৪ ব্যাচের ১৪৪ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজির সুপার নিউমারারি পদে পদোন্নতি পান। তাদের এখনো পদায়ন করা হয়নি। যদিও যোগ্যতার ভিত্তিতে ২০২২ সালে ওই ব্যাচের ৬ কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এ ৬ কর্মকর্তাও এখন ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার যোগ্য।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ