বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। অভিযুক্তের বিচারের দাবিতে সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর চৌগাছা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের জন্য শাটল বাসের দাবি করেন। তবে এই মুহূর্তে শাটল বাস দেওয়ার সক্ষমতা নেই বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, অভিযুক্ত যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো নিয়ে বাস মালিক সমিতির সঙ্গে আমরা আলোচনা করব। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অভিযুক্তকে আটকের জন্য আমারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চালাচ্ছি। শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল রবিবার মাসুদ নামের এক যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লোকাল বাসে শ্লীলতাহানি করে। পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।