বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তনকে মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশে গত ৪৪ বছরের ইতিহাসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন, রূপান্তরের রূপকার শেখ হাসিনা। তিনি বদলে যাওয়া বাংলাদেশের রূপকার। বঙ্গবন্ধু পয়েট অব পলিটিক্স আর শেখ হাসিনা ম্যাজিক অব পলিটিক্স। শেখ হাসিনার প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ