র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন ডোনাল্ড লু
ডেস্ক রিপোর্ট:
প্রকাশের সময় :
বুধবার, ১৫ মে, ২০২৪
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেশটি পেছনে নয়, সামনের দিকে তাকাতে চায়। আজ বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ডোনাল্ড লু বলেন, ‘র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, শ্রম আইন ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে দুর্নীতিরোধে আমরা একসঙ্গে কাজ করতে চাই। গত জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ঢাকার সাথে ওয়াশিংটনের একটি অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা এখন বিশ্বাসের সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। আমরা সামনের দিকে এগুতে চাই।’ আমরা নতুন বিনিয়োগের কথা বলেছি জানিয়ে তিনি বলেন, ‘অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবে, এটা নিয়ে আলোচনা করেছি। ক্লিন এনার্জি নিয়ে কথা বলেছি। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি মন্ত্রীর সাথে কথা বলেছি, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা যেটা করতে পারি সরকারের স্বচ্ছতা, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে। আমরা করসীমা বাড়ানোর কথা বলেছি, যাতে বাংলাদেশ সেখান থেকে উপকৃত হতে পারে।’এর আগে গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ঢাকায় আসেন লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক।