পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশাহারা হয়ে উদ্ভট আবোল-তাবোল কথা বলা শুরু করেছে।
তিনি বলেন, ভোটে না আসার যে কি যন্ত্রণা সেটি বিএনপি নেতারা সবাই বুঝতে পারছে।
ড. হাছান মাহমুদ আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে বিএনপি নেতা ড. মঈন খানের ‘বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দিশেহারা’ বলে করা মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে এ কথা বলেন।
এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নে ড. হাছান বলেন, এবারে নির্বাচন দলীয় প্রতীকবিহীন ও উন্মুক্ত প্রার্থিতায় হবে। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছে। এবং নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়, মানুষ তাদের পছন্দ মতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না।
সাংবাদিকরা এ সময় শ্রম আইন লঙ্ঘনের দায়ে দন্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের ‘দেশে আইনের শাসন নেই’ মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দ-প্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ