বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের নেতা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নানা ধরনের অজুহাত তুলে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। বিলম্বিত করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
আজ (২৫ জুলাই) শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতখোলা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই অদক্ষ সরকার দিয়ে এ দশ মাস কোন রকমের টেনেটুনে চললো। নির্বাচন যদি আরো এক বছর বিলম্বিত হয়ে যায় এই অদক্ষ সরকার দিয়ে কি কোনো ভালো কিছু করা যাবে? যারা বলে বিচার হতে হবে পরে নির্বাচন, শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে জুলাই ছাত্রদের হত্যার বিচার হতে হবে, যে সমস্ত পুলিশ অফিসারদের দিয়ে ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আনা হবে, যদি সেই বিচার করতে ১০ বছর সময় লাগে তাহলে কি দশ বছরে নির্বাচন হবে না? সে জন্য আমরা মনে করি দেশে একটি নির্বাচিত সরকার দরকার। সেই সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করবে। যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এজন্য সরকারকে আমরা বলব দক্ষ সরকার দিয়ে দেশ পরিচালনার জন্য। অনতিবিলম্বে এই সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষধের দ্রুত পরিবর্তন আনা।
সভায় মেদিনীমন্ডল ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আতাউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তবু, উপজেলা যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন নসু সহ মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার, জুলাই শহীদ এবং দেশবাসীর কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়৷ ##