ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণিপেশার লোকজনকে এগিয়ে আসতে হবে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার আট বছর পূর্তিতে আজ সোমবার সকালে ডিএমপি’র গুলশান থানা ভবনের সামনে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। তবে বাংলাদেশ পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট ও অন্যান্য সহযোগী যে সংস্থা রয়েছে, জঙ্গি দমনে তাদের দক্ষতা ও দূরদর্শিতায় বাংলাদেশ অনেক ভাল অবস্থায় রয়েছে। বাংলাদেশ জঙ্গি দমনে বিশ্বে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
তিনি বলেন, ‘বিভিন্ন দেশে আমরা দেখে থাকি যে, জঙ্গি হামলার পরে অপারেশন চালানো হয়। কিন্তু বাংলাদেশ একমাত্র উদাহরণ যে, জঙ্গি হামলার হওয়ার আগেই আমরা বিভিন্ন অপারেশন চালাতে সক্ষম হয়েছি। আমরা গোয়েন্দাভিত্তিক কার্যক্রম চালিয়ে জঙ্গি হামলা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে অনেক ক্ষেত্রেই জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ