নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে হৃদয় ভূইয়া(২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় ফারুক নামে একজন আহত হয়েছেন। শনিবার সন্ধায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে। নিহতের ভাই লিটন ভূইয়া জানান,ভোট গ্রহণ শেষে গণনার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের উপর গুলি চালায়।এসময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।আমরা হত্যাকারীদের শাস্তি চাই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন,ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশ সহ ৮ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ