নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাধন মিয়া হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩ মার্চ) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া এ রায় ঘোষণা করেন। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪) এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এালাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এক জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিলো। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করছেন।
মামলার বরাত দিয়ে তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। যা সোনারগাঁসহ নারায়ণগঞ্জজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেই সাথে এই ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরো বলেন, এই মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে ৪ জনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলো। এই মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন স্বাক্ষীর সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ