জাতীয় পার্টির (জাপা) কমিটি পরিবর্তন করে রওশনপন্থীদের কমিটিকে আমলে নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে দলটির একাংশ। সোমবার (২৯ জানুয়ারি) এই চিঠি দেন রওশন এরশাদের ঘোষিত কমিটির মহাসচিব কাজী মো: মামুনূর রশিদ। চিঠিতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানস্থ বাস ভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের এক জরুরী বর্ধিত সভায়, সর্ব সম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই সভায় তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্যে উপস্থিত সকল নেতৃবৃন্দের ঐকান্তিক দাবীর প্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মো: মামুনূর রশিদকে অন্তর্বর্তিকালীন সময়ের জন্য (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ