ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ ব্যালট পেপার মাধ্যমে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচীব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা করা হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন গত ২০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মৃত্যু বরন করেন। ২০১১ সালের ১৬ মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন খন্দকার লুৎফর রহমান স্বপন। সেইসঙ্গে দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। বিজ্ঞপ্তিতির তথ্যানুযায়ী, আগামী ৯ মার্চ ব্যালট পেপারে উপ-নির্বাচনের মাধ্যমে শুন্য পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), আপিল দায়ের ১৯ ও ২০ ফেব্রুয়ারী(সোম-মঙ্গলবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার), এবং ৯ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।