নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মত বসেছে হলিডে মার্কেট। শহরের যানজট নিয়ন্ত্রণ করতে মূল শহর থেকে হকারদের সরিয়ে চাষাঢ়া নবাব সলিমুল্লাহ সড়কের এক পাশে সপ্তাহের দুই ছুটির দিনে বসার অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। নতুন স্থানে বসলেও ইতোমধ্যে জমে উঠতে শুরু করেছে মার্কেটটি। শনিবার (১৬ মার্চ) শহরের নবাব সলিমুল্লাহ সড়কে হলিডে মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
দুপুরের পর থেকেই সড়কে দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন হকাররা। চাষাঢ়া থেকে শুরু করে শহরের মেট্রোহল এালাকা পর্যন্ত সড়কে কয়েকশত অস্থায়ী দোকান নিয়ে বসেছেন হকাররা। এদের বেশিরভাগই পোষাক, জুতা ও আনুষঙ্গিক পন্যের দোকান। এছাড়াও সড়কের হকার্স মার্কেটে স্থায়ীভাবে বসছেন নির্ধারিত ৬শ হকাররা। রমজানের শুরুতেই হকার ইস্যুর সমাধানে পৌঁছাতে পেরে কিছুটা সন্তুষ্ট হকাররা।
হকাররা জানান, রমজান কেবল শুরু। এখনও বেচাকেনা পুরোদমে শুরু হয়নি। তবে নতুন জায়গা হলেও আশা করছি ভাল বেচাকেনা হবে। স্থানীয় কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, সপ্তাহে দুই ছুটির দিন শুক্রবার ও শনিবার সড়কের এক পাশে হকার বসবে। এছাড়া বাকি দিনগুলো সড়কের দুই পাশে ফুটপাতে নয়শ হকার বসবে। এ ছাড়া হকার মার্কেটের ৬শ হকাররা তাদের স্থানেই থাকবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ