নারায়ণগঞ্জের রুফটপ রেস্টুরেন্টে চাঁদের পাহাড়ে অভিযান চালিয়ে সেখানে ফ্রিজিং করে রাখা রাইস ও নুডুলস জব্দ করেছে নাসিক ও ফায়ার সার্ভিসের আভিযানিক দল। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের মেডিনোভা হাসপাতাল ভবনের টপ ফ্লরে চাঁদের পাহাড় রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাগরিকদের জরুরি বিষয়গুলো নিয়ে সতর্ক। দেশের কিছু গুরুত্বপূর্ণ স্থানে অযাচিতভাবে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। সেজন্য আমরা সিটি করপোরেশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখানে যেসকল ভবনগুলো আছে বিশেষ করে যেসব ভবনে একাধিক খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে বা যেখানে আগ্নিকান্ডের কোন ধরনের সম্ভাবনা আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের সাথে ফায়ার সার্ভিসের একটি দল আমাদের সাপোর্ট দিচ্ছে।
তিনি বলেন, আজ আমাদের চাষাঢ়া মেডিনোভা হাসপাতাল ভবনে উপরে চাঁদের পাহাড় রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়েছি। আমরা প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে দেখেছি নিয়ম বহির্ভূতভাবে টপ ফ্লোরে করা হয়েছে। এদের কাছে যখন আমরা ভবনের নকশা চেয়েছি তারা সেটি দিতে পারেনি। এটা তো একদিকে পরিবেশের বিষয় যা সম্পূর্ণ অবৈধ। এসব বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা গেল এখানে যে খাদ্যদ্রব্য প্রস্তুতের যে বিষয় সেখানে নিয়মের বাইরে কাজ করছে। যে খাবার মানুষকে বাঁচিয়ে রাখে সে খাবার তারা সম্পূর্ণ অস্বাস্থ্যকর অবস্থায় তারা সংরক্ষণ করে। বেশিরভাগ স্থানে যেগুলো খাবারের মেয়াদ নেই সেগুলো তারা ফ্রিজিং করে। হিমায়িত করে রাখা এসব খাবার পরবর্তীতে তারা পরিবেশন করে।
চাঁদের পাহার রেস্টুরেন্টের অবস্থা খারাপ উল্লেখ করে তিনি বলেন, একেবারে অবৈধভাবে তাদের প্রতিষ্ঠানটি গঠিত। তাদের লাইসেন্স আছে ৩ হাজার স্কয়ার ফিট কিন্তু ফায়ারের যে ডকুমেন্টস আমরা দেখলাম তাতে ৭ হাজার স্কয়ার ফিট। এখানে গরমিল আছে। তাদের অধিকাংশেই গরমিল। তিনি আরো বলেন, আমরা সম্পূর্ণ শান্তভাবে তাদের সাথে কথা বলেছি বলছি। পরবর্তীতে আমরা আইনি বিষয়ে চেষ্টা করব। প্রথমে বুঝিয়ে আইন মানতে বাধ্য করার যে প্রক্রিয়া সেটি আমরা নিচ্ছি। অভিযানে সিটি করপোরেশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন, সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হীরন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ