দুই দেশের গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাপানের নারুতো ও বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটির মধ্যে ‘বন্ধুত্ব চুক্তির’ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১০টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন শুরু হয় এবং বিকেল ৫টায় এর সমাপ্তি ঘটে।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিওনারি ও জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। জাপানের নারুতো সিটি মেয়র মিচিহিকো ইজোমি ভার্চুয়ালি তার বক্তব্য রাখেন। ২০২৩ সালের ২৮ মার্চ ‘ফ্রেন্ডশীপ সিটি’ হিসেবে দুই দেশের নারায়ণগঞ্জ ও নারুতো সিটির মধ্যে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিনিময়ে চুক্তি স্বাক্ষর হয়।
এই বন্ধুত্বের বর্ষপূর্তি অনুষ্ঠানে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, গত বছর আমরা জাপানে নারুতো সিটিতে চারটি বিষয়ের উপর ফ্রেন্ডশীপ সিটি চুক্তি স্বাক্ষর করি। তবে, এর আগে এ চুক্তির পেছনে ছয় থেকে সাত বছর সময় ব্যয় করতে হয়েছে। ওই সময় দুই দেশের রাষ্ট্রদূতরা এই কাজে সহযোগিতা করেছেন এবং এখনও করে যাচ্ছেন।
আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ইতোমধ্যে ১৭ জন কর্মীকে জাপানে পাঠানো হয়েছে। আমরা শিক্ষা ও সংস্কৃতি খাতেও কাজ করছি। শিক্ষার জন্য যারা যেতে চাইবে তাদের আমরা সহযোগিতা করবো। তবে, এক্ষেত্রে মূল শর্ত হচ্ছে ভাষা শিক্ষা। জাপান কৃষিখাতেও মানুষ নিতে আগ্রহী। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে জাপান থেকে ৩০টি সাকুরা গাছ নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে, যার মধ্যে এখনও সাতটি বেঁচে আছে বলে জানান নাসিক মেয়র।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ