হাইওয়ে পুলিশপ্রধান শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদের আর মাত্র ২-৩ দিন বাকি থাকলেও এবার স্বাচ্ছন্দ্যময় এক ঈদযাত্রা লক্ষ্য করছি। আমরা এ ধারাবাহিকতা শেষ পর্যন্ত ধরে রাখতে চাই। আশা করি, গতবারের তুলনায় এবারের ঈদযাত্রা আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে। ঈদের দিন পর্যন্ত আমরা সবাই মাঠে কাজ করে যাবো।
রোববার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চালকদের প্রতি আহ্বান জানিয়ে হাইওয়ে পুলিশপ্রধান বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ঈদে সবসময় দুর্ঘটনায় একটা শঙ্কা থাকে। এসময় মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেশি থাকে। ঈদের আগের চেয়ে ঈদের পর দুর্ঘটনা বেশি হয়। যানবাহন চালকদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন ট্রাফিক নিয়মগুলো মেনে চলেন। আমরা দ্রুতগতিতে যেন চলাচল না করি। মুহূর্তের তাড়াহুড়োর কারণেই যানজট সৃষ্টি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে।’তিনি বলেন, ‘ঈদের পর ফাঁকা সময়ে লক্ষ্য করা যায় আমাদের কিশোর ছেলেরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়। এর মাধ্যমে অনেক তরুণের প্রাণহানি ঘটে। যার ড্রাইভিং লাইসেন্স নেই সে যেন কোনোভাবেই গাড়ি নিয়ে না বের হয়। মহাসড়কে আমরা সবসময় কঠোর থাকবো। যেসব মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে সেখানে আমরা সিসি ক্যামেরা বসিয়েছি। সবার সমন্বয়ে আমরা নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাই।’
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ