নারায়ণগঞ্জ শহরের বহুতল ভবনগুলোর ছাদে গড়ে উঠা একাধিক রেস্টুরেন্টে তদারকি অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। এসময় ভবনগুলোর অগ্নিঝুঁকি আছে বলে মনে করে নানা ব্যবস্থা নেয়ার সুপারিশ করার পাশাপাশি রুফটপ রেস্টুরেন্টের কাগজপত্র দেখতে চেয়ে তা না পেয়ে রেস্টুরেন্টগুলোর যেসব রুফটপ আছে স্ট্রাকচারের বাইরে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেটের টপ ফ্লোরে অবস্থিত লা ভিস্তা রেস্টুরেন্ট ও পাশের মেডিনোভা হাসপাতাল ভবনের টপ ফ্লরে চাঁদের পাহাড় রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাগরিকদের জরুরি বিষয়গুলো নিয়ে সতর্ক। দেশের কিছু গুরুত্বপূর্ণ স্থানে অযাচিতভাবে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। সেজন্য আমরা সিটি করপোরেশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখানে যেসকল ভবনগুলো আছে বিশেষ করে যেসব ভবনে একাধিক খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে বা যেখানে আগ্নিকান্ডের কোন ধরনের সম্ভাবনা আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের সাথে ফায়ার সার্ভিসের একটি দল আমাদের সাপোর্ট দিচ্ছে। অভিযানে সিটি করপোরেশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন, সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হীরন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ