পাকিস্তানে এবারের জাতীয় পরিষদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। বরং, দলীয়ভাবে নির্বাচন করেও আসন সংখ্যায় ইমরান খান সমর্থক স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে পিছিয়ে রয়েছে নওয়াজ শরিফের পিএমএল-এন। ফলে সরকার গড়তে জোট গঠনের বিকল্প নেই তাদের হাতে। এ অবস্থায় সম্ভাব্য জোট শরিক পিপিপি থেকে বিলওয়াল ভুট্টো জারদারিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে। আলোচনায় রয়েছে ক্ষমতা ভাগাভাগির বিষয়টিও। কিন্তু পিএমএল-এন সূত্র বলছে, তাদের সুপ্রিম নেতা নওয়াজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হতে চান। গড়তে চান চতুর্থবার সরকারপ্রধান হওয়ার রেকর্ড।
এসময় পিপিপি’র সঙ্গে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জন অস্বীকার করেছেন পিএমএল-এন মুখপাত্র। তিনি বলেছেন, একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য দুই দলের মধ্যে নীতিগত একটি চুক্তি হয়েছে মাত্র। পিএমএল-এন আগে বলেছিল, কেন্দ্রে সহজে সংখ্যাগরিষ্ঠতা পেলে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী করা হবে। কিন্তু গত বৃহস্পতিবারের নির্বাচনে দলটি মাত্র ৭৯টি আসন পেতে সক্ষম হয়েছে, যেখানে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর জিতেছেন ৯২টি আসনে। এই পটভূমিতে পিএমএল-এন আগের অবস্থান পর্যালোচনা করেছে এবং জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে।সূত্র জানিয়েছে, দলটির একাংশ মনে করে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী এবং শাহবাজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করা উচিত। এভাবে কেন্দ্র এবং বৃহত্তম প্রদেশ উভয়কে ভালোভাবে পরিচালনা করা যাবে। পিপিপি যেন কোনো আপত্তি বা ‘অগ্রহণযোগ্য দাবি’ উত্থাপন না করে, তার জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সে বিষয়ে পিএমএল-এনের শিগগির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন দলটির নেতারা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ