দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের যেসকল নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক। সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক এই আহ্বান জানান।কারাবন্দিদের মুক্তির আহ্বানে স্টিফেন ডোজারিক বলেন, ‘রাজনৈতিক মত প্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি।’ ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধীদলগুলোর হাজার হাজার নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ব্যতীত আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে মহাসচিব কী একমত? এ বিষয়ে ডোজারিক বলেন, আমরা অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানাচ্ছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ