মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনির সামনে একটি দ্রুতগতি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছে৷
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- আরমান (২৫), রাইসা (২০), ও তানজিল (২৪),৷ এছাড়া আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন।
ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। ফলে এ দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়।
জানা গেছে, আহত রবিন ঢাকার বাড্ডা এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী দ্রুতগতির প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১১৯৭৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেট রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান।
দুর্ঘটনার কারণে ঢাকামুখী হাইওয়ে লেনে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর ১ জন মারা যান। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি দুমরে মুছড়ে গেছে।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে সাখে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে ৩ জন মারা যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এদের মধ্যে গাড়িটির চালক কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।##