সিদ্ধিরগঞ্জে দিন দুপুরে নাসির উদ্দিন সজিব (২৩) নামে এক তরুণের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন সজিব ঢাকার ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার আব্দুল বারেকের ছেলে।
ভুক্তভোগী নাসির জানান, আপন খালাকে দেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংক থেকে ৪ লক্ষ টাকা উত্তলন করেন তিনি। সে অর্থ ব্যাগে ভরে ব্যাংক থেকে নিচে নামতেই একটি হাইয়েস গাড়ি তার সামনে এসে থামে। সেখান থেকে ৪-৫ জন লোক তাকে টেনে নিয়ে গাড়িতে তুলে নিয়ে রাস্তায় চলা শুরু করে। এসময় মারধর করে হাত-পা বেধে টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। পরবর্তীতে কাঁচপুর এলাকায় তাকে (নাসিরকে) নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা চলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মঞ্জুরুল আলম জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। ভুক্তভোগি জানিয়েছেন, একটি সাদা গাড়িতে তাকে তুলে নেওয়া হয়েছিল। আমরা তথ্য অনুসন্ধান করে সেই গাড়ি শনাক্ত করার চেষ্টা করছি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক জানান, সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় এখনোও কোন অভিযোগ আসে নি। তবে আমরা এ নিয়ে তদন্ত করছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ