নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পারাপার করার ঘটনায় মূলহোতা রবিউলকে (২৬) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় থেকে তাকে আটক করা হয়। রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। আটক রবিউল চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব দুর্গাপুর এলাকার আলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি আগে সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। থাকেন সিদ্ধিরগঞ্জে বোনের বাসায়। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে টাকার বিনিময়ে মই দিতে মহাসড়ক পারাপার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাকে আটক করতে অভিযানে নামে পুলিশ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ