নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ লাখ টাকা চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা মারার অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকার গাফ্ফার(৩৫) ও জামাল মোল্লা (৫০)। বুধবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে মুসলিমনগর প্রেম রোডস্থ ডি এস করপোরেশন টানবাজার শাখার গোডাউনে ৫ লাখ টাকা চাদাঁর দাবীতে সন্ত্রাসীরা তালা মেরে দেয়।
এ ঘটনায় টানাবাজার ডিএস কর্পোরশনের মালিক শারজাহান (৫৫) বাদী হয়ে গাফ্ফার (৩৫), জামাল মোল্লা (৫০), আকাশ(৩০) শফিক(২০), মিলন(২১), তানভীর(২২), হৃদয়(২০), আপন(২০) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। অভিযুক্তদের মধ্যে গাফ্ফার ও জামাল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী শারজাহান জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে আকাশের নেতৃত্বে অভিযুক্ত সন্ত্রাসীরা প্রেমতলা রোডস্থ তার ক্যামিকেলের গোডাউনে এসে প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় গোডাউনের নিরাপত্তারক্ষার দায়িত্বে থাকা আলকাছকে গোডাউন থেকে বের করে দিয়ে বাইরে দিক দিয়ে তালা মেরে দেয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টির বিস্তারিত জেনে ফতুল্লা থানা পুলিশের সাহায্য গ্রহণ করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা মেরে দেওয়ার ঘটনায় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ