মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আমিনউল্লাহর ছেলে মো. মোরশেদ আলম (৩৮) এবং চাঁদপুর সদর উপজেলার মমনপুর গ্রামের মৃত মফিজ ডাক্তারের ছেলে শাহাদাৎ হোসেন (৪১)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম দিঘীরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুইজনের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে।