মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও ব্যক্তিত্ব বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে মাদক ও মোবাইল আসক্তি তরুণ সমাজের জন্য বড় হুমকি। এ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন, একজন মাদকাসক্ত তরুণ শুধু নিজের জীবনই ধ্বংস করে না, পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করে। মাদকের সূচনা অনেক সময় কৌতূহল, ভুল সঙ্গ কিংবা বন্ধুর প্ররোচনা থেকে হয়। তাই শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন, ইতিবাচক পরিবেশে থাকা এবং সময়কে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে ব্যয় করতে হবে।
এমপি আব্দুস সালাম আজাদ বলেন, একজন শিশুর প্রথম শিক্ষালয় পরিবার এবং প্রথম শিক্ষক মা-বাবা। তাই অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত, দক্ষ, শৃঙ্খলাবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা আরও বিস্তৃত। একজন শিক্ষক শিক্ষার্থীর মেধা, দুর্বলতা ও সম্ভাবনা মূল্যায়ন করে তাকে সঠিক পথে এগিয়ে নিতে পারেন। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলার শিক্ষাও শিক্ষকই প্রদান করেন। তাই ভালো শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত বেশি।
তিনি আরও বলেন, একজন ভালো শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এ দুই পক্ষ একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস. গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সরওয়ার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য মাসুদুর রহমান সোহেল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ-আলম শিকদার এবং সদস্য সচিব মো. বাদল হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন রিপন তালুকদার, ইব্রাহিম মোড়ল, নজরুল ইসলাম ধলু, টিটু শিকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।