মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার মৌছামান্দ্রা গ্রামের হাজী মো. নুরুজ্জামান খান লিটনের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. রিপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে লৌহজং থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় লৌহজং থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার এসআই লোকমান মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রিপন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পৃথক অভিযান চালায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবির এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ জনৈক সাইদুলের বসতবাড়ির উঠানের দক্ষিণ পাশে রান্নাঘরের সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় আব্দুল মান্নান ওরফে মন্টু (৪১) নামে এক ব্যক্তিকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজগবন্ধু গ্রামের অলি উল্লাহর ছেলে। বর্তমানে তিনি লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় জনৈক সাইদুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল মান্নানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।